ক্রিকেট বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতির তালিকা প্রকাশ হতেই চমক—উইজডেনে এবার উজ্জ্বল দুই নাম, মিচেল স্টার্ক এবং দীপ্তি শর্মা।
‘ক্রিকেটের বাইবেল’ নামে পরিচিত উইজডেন ক্রিকেটার্স’ অ্যালামনাক-এর ১৬৩তম সংস্করণ প্রকাশের আগেই ঘোষণা করা হলো বর্ষসেরা ক্রিকেটারদের নাম। ২০২৫ সালের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য লিডিং মেন’স ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক এবং লিডিং উইমেন’স প্লেয়ার হয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।
স্টার্ক পুরো বছরজুড়ে ছিলেন ভয়ংকর ছন্দে। ১১টি টেস্ট ম্যাচে মাত্র ১৭.৩২ গড়ে ৫৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে কার্যত দম বন্ধ করে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট নিয়ে গড়েন ক্যারিয়ার সেরা বোলিং। এরপর অ্যাশেজ সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের জয়ে।
অন্যদিকে দীপ্তি শর্মা ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যের নায়ক। নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৫৮ রান করার পর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতান তিনি। পুরো টুর্নামেন্টে ২১৫ রান ও ২২ উইকেট নিয়ে হন সেরা খেলোয়াড়।
এবারের উইজডেন অ্যালামনাকে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্যও চোখে পড়ার মতো। শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত এবং মোহাম্মদ সিরাজ জায়গা পেয়েছেন বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায়। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁদের অসাধারণ পারফরম্যান্সই এনে দিয়েছে এই স্বীকৃতি।
ভারতের অধিনায়ক শুভমান গিল এজবাস্টন টেস্টে ৪৩০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে জিতেছেন বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার। এছাড়া অভিষেক শর্মা হয়েছেন লিডিং টি-টোয়েন্টি প্লেয়ার, যিনি এক বছরে হাজারের বেশি রান করেছেন চমকপ্রদ স্ট্রাইক রেটে।
এই তালিকায় একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন হাসিব হামিদ, যিনি বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকা সম্পূর্ণ করেছেন।
উইজডেনের এই সম্মাননা আবারও প্রমাণ করলো—বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই শেষ কথা।

