হাওড়ার রাস্তায় জ্বলে উঠল উনুন—আর সেই আগুনেই যেন বাড়ল রাজনীতির উত্তাপ। LPG সংকট ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ এবার রাস্তায় নেমে এল অভিনব প্রতিবাদের মাধ্যমে।
শুক্রবার রাতে হাওড়ার শিবপুরের জগাছা এলাকায় গ্যাসের অপ্রতুলতা ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করে তাঁরা প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম এবং সরবরাহের সমস্যার জন্য সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন।
এই প্রতিবাদের মাঝেই উপস্থিত হন শিবপুরের তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। প্রার্থী সরাসরি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে দিন দিন।
অন্যদিকে, শনিবার সকাল থেকেই হাওড়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার আরও জোরদার হয়। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ শিবপুরের অন্য একটি ওয়ার্ডে আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ তোলেন।
উত্তর হাওড়ায় তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী একাধিক ওয়ার্ডে প্রচার চালান। পাল্টা বিজেপি প্রার্থী উমেশ রাই নিকাশি সমস্যাকে ইস্যু করে জনসংযোগ বাড়ান। মধ্য হাওড়ায় তৃণমূল প্রার্থী অরূপ রায়ের মিছিল নজর কেড়েছে। দক্ষিণ হাওড়ায় নন্দিতা চৌধুরীর সভায় ব্যাপক ভিড় দেখা যায়, যেখানে বিজেপি প্রার্থী শ্যামল হাতিও সক্রিয় প্রচার চালান।
এছাড়াও বালি, ডোমজুড় ও জগৎবল্লভপুর এলাকায় তৃণমূল প্রার্থীরা দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন। সব মিলিয়ে LPG সংকটকে ঘিরে হাওড়ায় রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে।

