সৌদি প্রো লিগে শিরোপার লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে বিতর্ক—আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, রোনালদো।
বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো আল নাসরের হয়ে লিগ শিরোপা জিততে পারেননি। তবে চলতি মৌসুমে দলটি দারুণ অবস্থানে থাকায় শিরোপার আশা জোরালো হয়েছে। কিন্তু এই সময়েই উঠছে গুরুতর অভিযোগ—রেফারিরা নাকি রোনালদোকেই সুবিধা পাইয়ে দিতে চাইছেন!
সম্প্রতি আল ফায়হার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল আহলি। ম্যাচের পর ক্ষোভে ফেটে পড়েন দলের খেলোয়াড়রা। তাদের দাবি, অন্তত দুটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়নি। এতে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়তে হয়েছে দলটিকে।
আল আহলির তারকা গালেনো সামাজিক মাধ্যমে সরাসরি অভিযোগ করেন, প্রতিযোগিতাটি নাকি “একজনের” হাতে তুলে দিতে চাওয়া হচ্ছে। যদিও নাম নেননি, ইঙ্গিত স্পষ্ট—সেই ব্যক্তি রোনালদো।
অন্যদিকে ইংলিশ স্ট্রাইকার ইভান টনিও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ম্যাচে স্পষ্ট পেনাল্টি না দেওয়া রহস্যজনক। এমনকি ভিএআর রিভিউতেও তাদের আবেদন খারিজ করা হয়েছে।
টনি বলেন, “এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল। আমরা জানি আমরা কাকে তাড়া করছি।” তার কথায় ইঙ্গিত ছিল শিরোপার লড়াইয়ে থাকা আল নাসরের দিকেই।
রেফারির সঙ্গে কথোপকথন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। টনির দাবি, রেফারি নাকি তাদের এএফসি প্রতিযোগিতায় মনোযোগ দিতে বলেন—যা তার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত ও প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।
বর্তমানে আল নাসর লিগে ভালো অবস্থানে রয়েছে এবং দীর্ঘদিন পর শিরোপার কাছাকাছি। ২০১৮-১৯ মৌসুমের পর আর লিগ জেতেনি দলটি। এবার কি সেই অপেক্ষার অবসান হবে, নাকি বিতর্ক আরও বাড়বে—সেটাই এখন দেখার।

