বিশ্বকাপের উত্তেজনা যত বাড়ছে, ততই নতুন জল্পনা তৈরি হচ্ছে ফুটবল দুনিয়ায়—আর এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে লুইস সুয়ারেজ। অবসর নেওয়ার পরও আবার জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়ে চমকে দিলেন এই উরুগুইয়ান তারকা।
২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সুয়ারেজ। তবে সামনে যখন আরেকটি ফিফা বিশ্বকাপ, তখন তার মন যেন আবার টানছে দেশের জার্সির দিকে। এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশের হয়ে খেলার ইচ্ছা কখনোই শেষ হয় না।
৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, জাতীয় দলের দরজা কখনোই নিজের জন্য বন্ধ ভাবেন না। প্রয়োজনে আবারও দেশের হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনি। যদিও তরুণদের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবুও দেশের ডাক এলে না বলা তার পক্ষে অসম্ভব।
২০০৭ সালে আন্তর্জাতিক অভিষেকের পর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছেন সুয়ারেজ—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিদায়ী ম্যাচে মন্টেভিডিওর গ্যালারি ভরা দর্শকদের সামনে আবেগঘন মুহূর্তে বিদায় নিয়েছিলেন তিনি।
অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে সুয়ারেজ বলেন, ফুটবলের প্রতি তার আবেগ কখনো কমেনি। এখনো তিনি সমানভাবে অনুপ্রাণিত এবং খেলাটা উপভোগ করছেন।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। সম্প্রতি মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলকে সমতায় ফেরান তিনি। কোচ হাভিয়ের মাশ্চেরানোও তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। যেখানে উরুগুয়ে ‘এইচ’ গ্রুপে স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে লড়বে। এমন পরিস্থিতিতে সুয়ারেজের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।

