হঠাৎই ভয়ঙ্কর বিপর্যয়! উত্তর সিকিমে ধস নেমে মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেল পর্যটন এলাকা—আর সেই পরিস্থিতিতেই শুরু হয়েছে ‘Operation Him Setu’।
গত রবিবার চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে তারাম চু সেতুর কাছে বড়সড় ধস নামে। এর ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। লাচেনে আটকে পড়েন বহু পর্যটক, তৈরি হয় উদ্বেগজনক পরিস্থিতি।
এই সংকটময় অবস্থায় দ্রুত উদ্ধারকাজে নামে ভারতীয় সেনার ত্রিশক্তি কোর। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর সঙ্গে যৌথভাবে শুরু হয় বিশেষ অভিযান ‘Operation Him Setu’। তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সেনারা বরফ সরিয়ে বিকল্প রাস্তা তৈরি করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী ফুটব্রিজ বানিয়ে পর্যটকদের সরিয়ে নিচ্ছেন।
সেনা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ১৩৫ জন পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৩২টি ছোট গাড়ি এবং ১০টি মোটরসাইকেল। দুর্গম ও পিচ্ছিল রাস্তায় আটকে থাকা যানবাহন সরাতে সেনার বিশেষ শক্তিশালী যান ব্যবহার করা হচ্ছে।
এমনকি এক ৮০ বছর বয়সি অসুস্থ ব্যক্তিকেও নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়েছেন সেনা জওয়ানরা।
বর্তমানে লাচেনে প্রায় ১,০০০ পর্যটক আটকে রয়েছেন বলে খবর। তাঁদের জন্য খাবার, পানীয় জল এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ধাপে ধাপে সবাইকে নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে।
উল্লেখযোগ্যভাবে, তারাম চু এলাকায় নতুন সেতুটি মাত্র এক মাস আগে চালু হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার একটি অংশ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সেনার এই তৎপরতা ফের একবার প্রমাণ করল—দুর্যোগের সময় তারাই ভরসা।

