বরফের পাহাড় যেন মুহূর্তে গিলে নিল সবকিছু। জম্মু-কাশ্মিরের জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার বিকেলে শ্রীনগর-লেহ সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এনএইচ-১-এর জোজিলা পাসের জিরো পয়েন্ট থেকে মিনিমার্গ পর্যন্ত এলাকায় পরপর কয়েকটি তুষারধস নামে। এর ফলে বেশ কিছু যানবাহন বরফ ও পাথরের নিচে চাপা পড়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই এলাকায় একাধিক গাড়ি চলাচল করছিল। হঠাৎ করেই ধসে পড়ে বিশাল বরফস্তূপ, যার নিচে আটকে পড়ে যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যমে এই ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়েছেন।
লাদাখ প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, পরিস্থিতি তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যে কারগিল জেলার প্রশাসন ও পুলিশকে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, বিপুল পরিমাণ বরফ ও পাথরের স্তূপ সরানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবুও দ্রুতগতিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং আটকে পড়া সবাইকে নিরাপদে বের করে আনার চেষ্টা চলছে।
এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

