ইরানের হামলার দাবি: ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু কেন্দ্রে আঘাত!

Published By: Khabar India Online | Published On:

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়ল—নতুন করে বড়সড় হামলার দাবি তুলে চমক দিল ইরান।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

দাবি অনুযায়ী, ইসরায়েলের রাজধানী জেরুজালেমে অবস্থিত মিলিটারি কন্ট্রোল সেন্টার অব কমান্ড দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি মৃত সাগরের দক্ষিণে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রেও আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

তবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ দিনের সংলাপ হয়। কিন্তু কোনো চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরপরই যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করেছে। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।