ফুটবল দুনিয়ায় হঠাৎ করেই নতুন করে উত্তাপ ছড়াল—নেইমার কি সত্যিই মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে?
দীর্ঘদিন ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে ‘সেরা ফুটবলার’ বিতর্ক চললেও এবার সেই আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু। তাঁর মতে, প্রতিভার দিক থেকে নেইমারই বর্তমান প্রজন্মের সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়।
এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কাফু বলেন, নেইমারের স্কিল ও প্রাকৃতিক প্রতিভা মেসি, রোনালদো এমনকি এমবাপের থেকেও বেশি। তবে প্রতিশ্রুতি ও ধারাবাহিকতার জায়গায় তিনি রোনালদোকে এগিয়ে রাখেন।
কাফুর মতে, গত এক দশকেরও বেশি সময় ধরে নেইমার এমন কোনো সহখেলোয়াড় পাননি, যিনি তার সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে পারেন। ফলে তাকে প্রায় একাই দলের চাপ সামলাতে হয়েছে, যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
এদিকে চোট সমস্যায় জর্জরিত নেইমারের ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে। আসন্ন ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে সংশয়। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, দলে ফিরতে হলে নেইমারকে পুরোপুরি ফিট থাকতে হবে এবং নিয়মিত ম্যাচ খেলতে হবে।
কাফুও এই অবস্থানকে সমর্থন করে বলেন, কঠোর পরিশ্রম ও নিয়মিত খেলার মাধ্যমেই নেইমার আবার দলে ফিরতে পারবেন।
প্রসঙ্গত, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। সেখানে মেসি ও রোনালদোর খেলার সম্ভাবনা থাকলেও নেইমারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

