শিলিগুড়িতে ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে, আর তার মধ্যেই বিধান মার্কেটে দেখা গেল এক চেনা রাজনৈতিক চিত্র। সকাল থেকেই শুরু হয়েছে জোরদার প্রচার, আর সেই তালিকায় এবার যুক্ত হলেন বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।
এদিন শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এলাকা বিধান মার্কেটে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরাও।

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র এবার ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব, অন্যদিকে বিজেপির শংকর ঘোষ এবং বামফ্রন্টের শরদিন্দু চক্রবর্তী—এই তিন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে।
নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। সকাল হতেই শহরের বিভিন্ন প্রান্তে প্রচারের চিত্র নজরে আসছে। শিলিগুড়ির রাজনীতি এখন কার্যত নির্বাচনী আবহে উত্তাল।
বিধান মার্কেট শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। ফলে এই এলাকায় জনসংযোগ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

