আসন্ন SUCI Election 2026 ঘিরে শিলিগুড়িতে এক গুরুত্বপূর্ণ বার্তা উঠে এল—সংগ্রামের পথ থেকেই নির্বাচনে নামছে দল। ভোটের আবহে এই ঘোষণা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন, বিশ্বজুড়ে অস্থিরতা, যুদ্ধ ও রক্তপাতের মধ্যে সাধারণ মানুষের অধিকার ও ভবিষ্যৎ আজ বিপদের মুখে। তাঁর বক্তব্য, দেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলি সাধারণ মানুষের সমস্যা উপেক্ষা করে কোটিপতিদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।
তিনি আরও দাবি করেন, শ্রমিক, কৃষক, যুবক ও নারী—সমাজের প্রতিটি স্তরের মানুষ আজ চরম সংকটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে SUCI সারা বছর বিভিন্ন গণদাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই সংগ্রামের পথ থেকেই এবার নির্বাচনে অংশ নিচ্ছে।

দলের মতে, সংগঠিত গণআন্দোলনই পারে অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে। সেই লক্ষ্য নিয়েই তারা ভোটের ময়দানে নামছে বলে জানানো হয়।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী ডাঃ শাহরিয়ার আলম, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী লক্ষ্মী দাস, ফাঁসিদেওয়া কেন্দ্রের প্রার্থী সুনিতা মুরমু এবং ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী রেনুকা রায়।
এখন দেখার, আসন্ন নির্বাচনে এই সংগ্রামভিত্তিক রাজনীতি কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে।

