অ্যামেলিয়া কেরের বিশ্বরেকর্ড: টানা ১০ ইনিংসে ৫৫৪ রান

Published By: Khabar India Online | Published On:

এক অভাবনীয় ধারাবাহিকতায় বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন অ্যামেলিয়া কের। টানা ১০ ইনিংসে ৩০-এর বেশি রান করে ৫৫৪ রান সংগ্রহ করে গড়লেন অনন্য বিশ্বরেকর্ড।

নিউজিল্যান্ডের এই অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি টানা ৩০+ রানের ইনিংস খেলার কীর্তি এখন নিজের নামে লিখে নিয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজও নিশ্চিত করেছে কিউইরা।

ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা। এই ম্যাচে ৩১ রান করেন কের, আর সোফি ডিভাইনের ৬৪ রানের ঝড়ো ইনিংস দলকে সহজ জয় এনে দেয়।

পুরো সিরিজ জুড়েই ছিলেন দুর্দান্ত ফর্মে অ্যামেলিয়া কের। মাউন্ট মঙ্গানুইতে ৭৮, হ্যামিল্টনে ৩২ এবং অকল্যান্ডে ৩০ রান করে ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। সর্বশেষ ১০ ইনিংসে তার মোট রান ৫৫৪, স্ট্রাইকরেট ১৪২।

শুধু ব্যাটেই নয়, বল হাতেও দারুণ কার্যকর কের। এই সময়ে তিনি নিয়েছেন ১২টি উইকেট, যেখানে তার ইকোনমি রেট মাত্র ৬.৭৪— যা তাকে অলরাউন্ডার হিসেবে আরও অনন্য করে তুলেছে।

এর আগে টানা ৯ ইনিংসে ৩০+ রান করার রেকর্ড ছিল তিনজনের— শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও রোমানিয়ার রেবেকা ব্লেকসহ। এবার তাদের ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন কের।

সম্প্রতি তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই দলকে সাফল্যের ধারায় রেখেছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এসেছে জয়। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে টুর্নামেন্টসেরা হওয়ার পাশাপাশি আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন কের।