মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ঘিরে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা, আর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি স্থানে এক হাজারের বেশি হামলা চালানো হয়েছে। বিভিন্ন আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার আওতায় এসেছে বলে দাবি করা হয়েছে।
তবে হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই দিনে কারাজ এবং ইসফাহান শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
ক্রমবর্ধমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।

