নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত: রাজ্যে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Published By: Khabar India Online | Published On:

ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই কড়া হচ্ছে নিরাপত্তা বলয়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

দ্বিতীয় ধাপে রাজ্যের বিভিন্ন জেলায় আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। প্রথম ধাপে ইতিমধ্যেই ২৮০ কোম্পানি মোতায়েন হয়েছে। সব মিলিয়ে রাজ্যে মোট ৪৮০ কোম্পানি বাহিনী দায়িত্বে থাকবে।

সবচেয়ে বেশি বাহিনী যাচ্ছে উত্তর ২৪ পরগনায়। সেখানে তিনটি পুলিশ জেলা ও দুই কমিশনারেট মিলিয়ে আগামী ১০ মার্চ থেকে মোট ৫৮ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। মুর্শিদাবাদেও বাহিনীর সংখ্যা পৌঁছবে ৫৮ কোম্পানিতে।

দক্ষিণ ২৪ পরগনায় থাকবে ৩৩ কোম্পানি এবং কলকাতায় মোতায়েন হবে ৩০ কোম্পানি। ইতিমধ্যে কিছু বাহিনী রবিবার থেকেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে।

এ ছাড়া পূর্ব মেদিনীপুরে ২৮, হুগলিতে ২৭, পূর্ব বর্ধমানে ২৫, নদিয়ায় ২২ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। হাওড়া ও বীরভূমে ২১ করে, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ২০ করে বাহিনী থাকবে।

উত্তর দিনাজপুরে ১৯, মালদহে ১৮, পশ্চিম বর্ধমানে ১৭, দার্জিলিঙে ১৬, কোচবিহারে ১৫ এবং বাঁকুড়ায় ১৩ কোম্পানি মোতায়েন হচ্ছে। ঝাড়গ্রামে ১১, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ১০ করে বাহিনী থাকবে। আলিপুরদুয়ারে ৭ এবং কালিম্পঙে ৪ কোম্পানি বাহিনী দায়িত্বে থাকবে।

প্রত্যেক কোম্পানিতে অন্তত ৭২ জন জওয়ান থাকবেন বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই ২৪০ কোম্পানি বাহিনী জেলায় পৌঁছে গিয়েছে। দ্বিতীয় ধাপে মোতায়েন হওয়া বাহিনীর মধ্যে থাকবে সিআরপিএফ-এর ১২০ কোম্পানি, বিএসএফ-এর ৬৫, সিআইএসএফ-এর ১৬, আইটিবিপি-র ২০ এবং এসএসবি-র ১৯ কোম্পানি।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ভোটের আগে রাজ্যে নিরাপত্তা আরও জোরদার হচ্ছে বলে মনে করা হচ্ছে।