ভোটের দিন এখনও ঘোষণা হয়নি, কিন্তু West Bengal Assembly Election 2026 ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নির্বাচন কমিশন শুরু করে দিল জোর প্রস্তুতি।
শনিবার আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই স্পষ্ট হয়ে যায়, এবার নির্বাচনে বিশেষ নজর থাকবে আইনশৃঙ্খলার উপর। কমিশন সূত্রে জানা গেছে, সোমবার রাজ্যের নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কমিশনের কর্তারা।
সকালের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচন আধিকারিক (ডিইও), জেলাশাসক, পুলিশ সুপার ও এসএসপিরা। বিকেলে আলাদা করে বৈঠক হবে রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং আধাসামরিক বাহিনী (সিএপিএফ)-এর নোডাল অফিসারদের সঙ্গে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
এই বৈঠকে বিশেষভাবে আলোচনা হতে পারে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, কেন্দ্রীয় বাহিনীর সম্ভাব্য মোতায়েন এবং ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় রুটমার্চ ও টহল জোরদার করা হবে, যাতে কোনও ভীতি বা অস্থিরতার পরিবেশ তৈরি না হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম ভোটার তালিকায় রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম এখনও বিচারাধীন অবস্থায়। বিচারবিভাগীয় যাচাইয়ের পর চূড়ান্ত সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।
এদিকে প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষেরও বেশি নাম। অন্যদিকে ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুনভাবে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন এবং ৮ নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছেন ৬ হাজার ৬৭১ জন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারবিভাগীয় প্রক্রিয়া শেষ হলেই আবার তালিকা প্রকাশ করবে কমিশন। রাজনৈতিক মহলের একাংশের মতে, তার আগেই হয়তো রাজ্যে ভোটের দিন ঘোষণা হয়ে যেতে পারে।
এখন প্রশ্ন একটাই—কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ? আপাতত সেই দিকেই নজর গোটা রাজ্যের।

