এক মুহূর্তে সব শেষ। ইয়েমেনে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।
মঙ্গলবার দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে মাহফাদ জেলা থেকে লাহমার জেলার সংযোগকারী মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই মিনিবাসটিতে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি জ্বালানিতে ভর্তি ছিল। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের তীব্রতায় মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
দুর্ঘটনার পর আহত ও নিহতদের দ্রুত লাওদার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকদের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অন্তত ১১ জন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। কয়েকজনের দেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে আবিয়ান প্রদেশে এটি সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

