অবশেষে অপেক্ষার অবসান। দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা, আর সেই বহু প্রতীক্ষিত আয়োজনের কেন্দ্রবিন্দু এখন উদয়পুর।
সোমবার সকালে রাজস্থানের উদয়পুর বিমানবন্দরে পৌঁছাতে দেখা যায় রাশমিকা ও বিজয়কে। বিমানবন্দরে নামার মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের দেওয়া নাম অনুযায়ী এই বিয়ের নাম রাখা হয়েছে ‘The Wedding of Virosh’।
জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেল’-এ অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। তিন দিনব্যাপী এই ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাত্র প্রায় ১০০ জন অতিথি। ঘনিষ্ঠ প্রায় ৫০ জনকে নিয়ে এই তারকা জুটি ইতোমধ্যেই উদয়পুরে পৌঁছেছেন।
প্রাথমিক অতিথি তালিকায় তেলেঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র জগতের কিছু পরিচিত মুখের নাম থাকলেও বলিউডের বড় তারকাদের দেখা নাও মিলতে পারে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
গত রোববার ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিজয় ও রাশমিকা। দীর্ঘদিন ধরে ‘ভিরোশ’ নামে পরিচিত এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই তারা তাদের বিশেষ দিনটিকে নাম দিয়েছেন ‘The Wedding of Virosh’।
অনুরাগীদের উদ্দেশে তারা জানান, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভক্তদের সমর্থন তাদের শক্তি জুগিয়েছে। আর তাই এই বিয়ের আনন্দও তারা সবার সঙ্গে ভাগ করে নিতে চান।

