বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে—এই মুহূর্তে দক্ষিণী বিনোদন জগতের সবচেয়ে বড় প্রশ্ন কি সেটাই? বিমানবন্দরে একসঙ্গে দেখা যেতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে একসঙ্গে ধরা পড়েন দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ফটো সাংবাদিকদের এড়িয়ে দ্রুত বেরিয়ে যান দু’জনেই। রাশমিকার পরনে ছিল ধূসর টপ, চোখে সানগ্লাস এবং কপালে তিলক। অন্যদিকে বিজয় কালো শার্ট ও সানগ্লাসে ছিলেন ক্যাজুয়াল লুকে।
গুঞ্জন বলছে, চলতি মাসেই নাকি উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের কার্ডও ভাইরাল হয়, যেখানে ২৬ ফেব্রুয়ারি বিয়ের তারিখ এবং ৪ মার্চ হায়দরাবাদের একটি পাঁচতারা হোটেলে প্রীতিভোজের উল্লেখ ছিল।
বিয়ের ভেন্যু হিসেবে রাজস্থানের ঐতিহ্যবাহী প্রাসাদের নামও শোনা যাচ্ছে। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে নাকি আয়োজন হতে পারে এই ব্যক্তিগত অনুষ্ঠান।
তাদের প্রেমের শুরু ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবির শুটিং থেকে। পরে ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে কাজের সময় ঘনিষ্ঠতা আরও বাড়ে। গত নভেম্বর পরিবার ঘনিষ্ঠদের উপস্থিতিতে বাগদান হয়েছে বলেও দাবি শোনা যায়।
এদিকে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নাকি বিয়ের সম্প্রচারের জন্য প্রায় ৬০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি এই তারকা জুটি।
তাহলে কি সত্যিই ফেব্রুয়ারিতেই চার হাত এক হচ্ছে? আপাতত কোনও নিশ্চিত তথ্য না থাকলেও বিমানবন্দরের এই মুহূর্ত জল্পনাকে আরও উসকে দিয়েছে।

