যুবসাথী স্কিমে অনলাইন আবেদন নতুন সময়সীমা ঘোষণা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

Published By: Khabar India Online | Published On:

হঠাৎই বদলে গেল Yuvasathi Scheme-এ অনলাইন আবেদনের সময়। এখন থেকে আর সারাদিন আবেদন করা যাবে না।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, Yuvasathi Scheme-এ অনলাইনে আবেদন করা যাবে প্রতিদিন শুধুমাত্র সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের বাইরে পোর্টালে প্রবেশ করতে গেলে আবেদনকারীদের সময়সীমা জানিয়ে দেওয়া হচ্ছে।

১৫ ফেব্রুয়ারি থেকে অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। বিপুল সাড়া পাওয়ায় ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অনলাইনেও আবেদন নেওয়া শুরু হয়। কিন্তু প্রতিদিন গড়ে প্রায় আট লক্ষ আবেদন জমা পড়ায় সার্ভারের চাপ কমাতে সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আবেদন করতে হলে নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে ‘বাংলার যুবসাথী প্রকল্প’-এ ক্লিক করে ‘Apply Online’ অপশনে যেতে হবে। মোবাইল নম্বর দিলে একটি OTP আসবে, সেটি দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

আবেদনের সময় যে নথিগুলি লাগবে সেগুলি হল — মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং সাদা কাগজে সই করা স্পষ্ট ছবি। সব নথি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে। শেষে OTP যাচাই হলেই আবেদন সম্পূর্ণ হবে। সফলভাবে জমা পড়লে আবেদনপত্র ডাউনলোড করার সুযোগও রয়েছে।

উল্লেখ্য, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রথম এই প্রকল্পের ঘোষণা করেন। পরে মুখ্যমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর হবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

Yuvasathi Scheme-এর আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বা সর্বোচ্চ পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।