ইরানে মার্কিন হামলার আশঙ্কা: পোলিশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

Published By: Khabar India Online | Published On:

মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও যুদ্ধের কালো ছায়া ঘনিয়ে আসছে। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তেই নিজেদের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করল পোল্যান্ড সরকার।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। একই সঙ্গে নতুন করে কেউ যেন ইরান ভ্রমণের পরিকল্পনা না করেন, সে আহ্বানও জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সক্রিয় সংঘাতের সম্ভাবনা “খুবই বাস্তব” এবং তা কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে। পরিস্থিতি দ্রুত অবনতি হলে বিদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশ পেলেই সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরি অঞ্চলটিতে অবস্থান করছে এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। এছাড়া অতিরিক্ত যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েনের তথ্যও সামনে এসেছে। এসব প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি দ্রুত সংঘাতে রূপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে আকাশপথ ও সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে। তখন বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।

পোল্যান্ড সরকারের এই পদক্ষেপকে ইউরোপীয় দেশগুলোর বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।