হঠাৎ করেই ব্রিটিশ রাজপরিবারকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। Prince Andrew Arrested — এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি দায়িত্বে অনিয়মের সন্দেহে এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। তদন্তকারীরা সরকারি দায়িত্ব পালনের সময় গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ খতিয়ে দেখছেন।
অভিযোগ রয়েছে, প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তথ্য ভাগাভাগি করা হয়েছিল। যদিও ৬৬ বছর বয়সী অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান থাকায় আদালত অবমাননার ঝুঁকি এড়াতে অতিরিক্ত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এক সহকারী চিফ কনস্টেবল জানিয়েছেন, বিস্তারিত পর্যালোচনার পরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।

