হঠাৎ করেই বুকের মাঝখানে জ্বালাভাব, অস্বস্তি বা টক ঢেঁকুর—সব মিলিয়ে দিনটাই যেন খারাপ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত খাদ্যাভ্যাস, ভাজাপোড়া বা অতিরিক্ত মসলাদার খাবার খাওয়ার ফলেই এই সমস্যা বেশি দেখা দেয়।
তবে চিন্তার কিছু নেই। ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই দিতে পারে আরাম। চলুন জেনে নেওয়া যাক সহজ কয়েকটি উপায়।
আদা
অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় আদা দীর্ঘদিন ধরেই কার্যকর বলে পরিচিত। এতে থাকা প্রাকৃতিক উপাদান হজমে সাহায্য করে এবং পেটে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমাতে ভূমিকা রাখে। সামান্য কাঁচা আদা চিবিয়ে খাওয়া বা আদা-চা পান করলে বুকের জ্বালা অনেকটাই কমতে পারে।
তুলসি পাতা
তুলসি পাতা শুধু ধর্মীয় গুরুত্বেই নয়, স্বাস্থ্যের দিক থেকেও উপকারী। এতে থাকা ইউজেনল জাতীয় উপাদান পেটের প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত ৪-৫টি তুলসি পাতা চিবিয়ে খেলে বা গরম জলে ভিজিয়ে পান করলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
অ্যালোভেরার জুস
অ্যালোভেরা পাচনতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে। এটি পেটের আস্তরণে সুরক্ষা তৈরি করে এবং জ্বালাভাব কমায়। খাবারের আগে অল্প পরিমাণ অ্যালোভেরার জুস পান করলে উপকার পাওয়া যেতে পারে। তবে নিয়মিত ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
খাদ্যাভ্যাসে পরিবর্তন, নিয়মিত সময়মতো খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলাই হলো দীর্ঘমেয়াদি সমাধান।

