দিঘায় HIDCO-র বড় পদক্ষেপ! জগন্নাথধামের পর এবার প্রায় ১০ একর জমিতে হোটেল প্রকল্প

Published By: Khabar India Online | Published On:

দিঘায় পর্যটনের জোয়ার কি আরও বাড়তে চলেছে? Digha Jagannath Temple-কে ঘিরে বাড়তি ভিড়ের মাঝেই বড় ঘোষণা করল HIDCO।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় গড়ে ওঠা দিঘার জগন্নাথধাম ইতিমধ্যেই পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সেই সাফল্যের পর এবার প্রায় ১০ একর জমিতে হোটেল নির্মাণের উদ্যোগ নিল হিডকো।

আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে, পশ্চিম গদাধরপুর মৌজায় মোট ৩৪টি প্লটে ৬.৮৮ একর জমিতে প্রথম পর্যায়ের নির্মাণ হবে। পাশাপাশি আরও ১২টি প্লটে ২.২৯ একর জমিতে দ্বিতীয় পর্যায়ের কাজ হবে। সব মিলিয়ে প্রায় ১০ একর জমিতে গড়ে উঠবে নতুন হোটেল প্রকল্প।

এই প্রকল্পের জন্য জোড়া দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ মার্চ ‘ই-অকশন’-এর মাধ্যমে দরপত্র চূড়ান্ত করা হবে। তবে অংশগ্রহণের ক্ষেত্রে কড়া মানদণ্ড বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। গত তিন আর্থিক বছরে প্রতিটি বছরে ন্যূনতম ১০০ কোটি টাকার লেনদেন রয়েছে— এমন সংস্থাই এই ই-অকশনে অংশ নিতে পারবে।

সূত্রের খবর, নির্মাণে খরচ হতে পারে প্রায় ২০০ কোটি টাকা। কাজ সম্পূর্ণ করার জন্য পাঁচ বছরের সময়সীমা রাখা হয়েছে। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, দরপত্র চূড়ান্ত হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পেতে পারে।

হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দিঘায় পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। জগন্নাথধাম চালু হওয়ার পর সেই গতি আরও বেড়েছে। সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই হোটেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর অক্ষয় তৃতীয়ায় জগন্নাথধামের উদ্বোধন হয়। মাত্র আট মাসেই দর্শনার্থীর সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করে। ধ্বজাদান থেকে মহাপ্রসাদ— সব মিলিয়ে ধর্মীয় পর্যটনের কেন্দ্র হিসেবে দিঘার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষিতেই এই নতুন হোটেল প্রকল্পকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।