প্লেব্যাক ছাড়ার ঘোষণার মাঝেই সুখবর, নতুন ছবিতে অরিজিতের কণ্ঠ

Published By: Khabar India Online | Published On:

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের মন খারাপ করে দিয়েছিলেন Arijit Singh। তবে সেই ঘোষণার মাঝেই এল এমন এক খবর, যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার অনুরাগীরা। অবসর ঘোষণার পরও একটি নতুন ছবিতে প্লেব্যাক করলেন অরিজিৎ।

সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল, বলিউড সুপারস্টার Aamir Khan-এর জিয়াগঞ্জ সফর ঘিরে। কখনও অরিজিতের বাড়িতে সময় কাটানো, কখনও আবার স্টুডিওতে দীর্ঘ আড্ডা—সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল, তবে কি আবারও রূপালি পর্দায় ফিরছেন গায়ক?

সোমবার সেই রহস্যের পর্দা সরিয়েছে আমির খান প্রোডাকশনস। জানা গেছে, আমির প্রযোজিত আসন্ন ছবি Ek Din-এর জন্য একটি বিশেষ গান গেয়েছেন অরিজিৎ সিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আমিরের পুত্র Junaid Khan এবং দক্ষিণী তারকা Sai Pallavi

কয়েকদিন আগেই অরিজিৎ জানিয়েছিলেন, তিনি প্লেব্যাক দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। তবে আগে দেওয়া কিছু প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও স্পষ্ট করেছিলেন। সেই প্রতিশ্রুতি রেখেই ‘এক দিন’ ছবির জন্য স্টুডিওতে ফিরলেন তিনি।

এই কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিতকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করে আমির খান প্রোডাকশনস। সেখানে জিয়াগঞ্জে কাটানো দিনগুলোর কথা তুলে ধরে আমির লেখেন, “এই ছবিতে প্লেব্যাক করার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার সঙ্গে কাটানো সময় সত্যিই ম্যাজিক্যাল।”