আকাশেই বিপর্যয়! দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই প্রশিক্ষণ উড়ান রূপ নিল মরণফাঁদে। সোমবার দক্ষিণ কোরিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেল দুই জনের।

দক্ষিণ কোরিয়ার গ্যাপিয়ং জেলায় স্থানীয় সময় সকাল ১১টার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে। প্রশিক্ষণ চলাকালীন এএইচ-১এস কোবরা মডেলের অ্যাটাক হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে।

প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে একজন সেনাসদস্য ও একজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের প্রশিক্ষণ চলছিল। সেই সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, যা দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বহরের সব এএইচ-১এস কোবরা হেলিকপ্টারের অপারেশন স্থগিত রাখা হয়েছে। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উড়ান পুনরায় শুরু করা হবে না।