২৮৫ গ্রাম হেরোইন সহ লালগোলায় গ্রেফতার দুই, বাজেয়াপ্ত মোটরবাইক

Published By: Khabar India Online | Published On:

লালগোলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ ভগবানপুর টিকরপাড়া রিভার পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরবাইকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২৮৫ গ্রাম হেরোইন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম হুমায়ুন কাবির ওরফে ফটিক (৪৮) এবং রেফাতুল্লাহ ওরফে পিন্টু (৪১)। দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত ময়া গ্রাম পঞ্চায়েতের মুকিমনগর এলাকায়। শনিবার গভীর রাতে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ভগবানপুর টিকরপাড়া রিভার পাম্পের কাছে রাস্তার উপর সন্দেহভাজন অবস্থায় একটি মোটরবাইকসহ ওই দুই ব্যক্তিকে আটক করে।

 

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযুক্তদের ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, তারা লালগোলা থানার অন্তর্গত শফিকুল নামে এক ব্যক্তির কাছে হেরোইন সরবরাহ করতে এসেছিল। এরপর তাদের লালগোলা থানায় নিয়ে এসে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়।রবিবার ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া হেরোইন কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সূত্রে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।