শেষ মুহূর্তে নতুন মোড়—টি–২০ বিশ্বকাপে ভারত–পাক ম্যাচ নিয়ে জট আরও ঘনীভূত। পাকিস্তান এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলেও, International Cricket Council (আইসিসি) এখনও ১৫ ফেব্রুয়ারির ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে Pakistan Cricket Board (পিসিবি)-র পাশে দাঁড়িয়েছে Bangladesh Cricket Board (বিসিবি)। আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকের আগে নিজেদের অবস্থান স্পষ্ট করতে লাহোরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সেখানে তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করছেন।
রবিবার টি–২০ বিশ্বকাপ নিয়ে আইসিসির বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলির যোগ দেওয়ার কথা। তার আগেই লাহোরে দুই বোর্ড কর্তার আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আইসিসির ভার্চুয়াল বৈঠকে একই সুরে কথা বলতে পারেন নকভি ও আমিনুল।
যদিও পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের কথা জানিয়েছে, পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানায়নি। নিয়ম ভেঙে ম্যাচ না খেললে পিসিবির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি আর্থিক জরিমানা বা নির্বাসনের সম্ভাবনাও রয়েছে।
এই জটের সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। এরপর ভারতের নিরাপত্তা নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত সূচি বদলাতে রাজি না হওয়ায় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলাচ্ছে আইসিসি। বিশ্বকাপ শুরু হলেও ভারত–পাক ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

