ঢালিউডে যখন নানা আলোচনা-সমালোচনা ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শোরুম উদ্বোধন—সব বিষয়েই খোলামেলা মন্তব্য করেন।
শাকিব খানকে নিয়ে সাম্প্রতিক নানা আলোচনা প্রসঙ্গে অপু বিশ্বাস স্পষ্ট ভাষায় বলেন, এই তুলনা বা প্রশ্নই আসলে ভুল। তার মতে, শাকিব খান আমাদের চলচ্চিত্রের অনেক বড় মাপের একজন অভিনেতা এবং তার অবস্থান অনেক উর্ধ্বে। তিনি বলেন, শাকিবের মতো তারকাদের সম্মান দেওয়া উচিত এবং চলচ্চিত্র এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ইতিবাচক দিক।
সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হওয়া ট্রল প্রসঙ্গে অপু বিশ্বাসের বক্তব্য, যাদের পরিচিতি বেশি, তাদের নিয়েই কনটেন্ট তৈরি হয়। বড় মানুষদের নিয়েই বেশি আলোচনা হয়, কারণ তাতে ভাইরাল হওয়ার সুযোগ থাকে। তিনি মনে করেন, জনপ্রিয় মুখ বলেই তাকে নিয়ে এসব কনটেন্ট তৈরি করা হয়।
নিজের ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানান, তিনি সহজ-সরল এবং খোলামেলা মানুষ। মিথ্যা বলতে তিনি জানেন না, তাই যা মনে আসে, সেটাই সরাসরি বলেন। দর্শক ও ক্যামেরার পেছনের মানুষরা বিষয়টি ভালোভাবেই বোঝেন বলেও তার বিশ্বাস।
শোরুম উদ্বোধন বা ফিতা কাটার বিষয়টি নিয়েও সমালোচনার জবাব দেন এই অভিনেত্রী। তার ভাষায়, কোনো কাজই ছোট নয়। শিল্পীরা যখন এমন ওপেনিংয়ে অংশ নেন, তখন তা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে এবং একটি বার্তা দ্রুত সবার কাছে পৌঁছে যায়।

