এক ঝলক দৃশ্যই বদলে দিয়েছে সব সমীকরণ। বলিউডে আলোচিত সিনেমা ধুরন্ধর মুক্তির পর থেকেই দর্শক-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এর প্রধান জুটি। বিশেষ করে রণবীর সিং ও নবীন অভিনেত্রী সারা অর্জুন–এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চলছে তীব্র আলোচনা।
বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও সিনেমায় এই কাস্টিং শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। নেটদুনিয়ায় প্রশ্ন ওঠে, এত কম বয়সী অভিনেত্রীর সঙ্গে এমন দৃশ্য আদৌ প্রয়োজন ছিল কি না। তবে নির্মাতাদের দাবি, গল্পের প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে পরিচালক আদিত্য ধর আগেই জানিয়েছেন, চরিত্র ও চিত্রনাট্যের দাবিই ছিল মুখ্য। বিতর্ক যতই থাকুক, বক্স অফিসে সিনেমার সাফল্য সব প্রশ্নকে অনেকটাই চাপা দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা অর্জুন নিজেই জানান, পর্দায় মেয়ের অভিনয় দেখে তার বাবা-মা গর্বে আপ্লুত। এমন মুহূর্তও এসেছে, যখন তার অভিনয় দেখে দু’জনেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি। সারা বলেন, এই অনুভূতিই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
এর আগে ঐতিহাসিক ছবি পোন্নিয়ান সেলভান–এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন সারা। পড়াশোনার কারণে কিছুদিন পর্দার বাইরে থাকলেও ‘ধুরন্ধর’ সিনেমাই তার কেরিয়ারে নতুন মোড় এনে দিয়েছে।

