জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় জঙ্গি সন্দেহে শুরু হয়েছে বড়সড় নিরাপত্তা অভিযান। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরই ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের কয়েকজন সদস্য কিশ্তওয়ার এলাকায় ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গিদের মধ্যে যোগাযোগ বন্ধ করতেই শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বারামুলার সিংহপোরা, কিশ্তওয়ারের ছত্রু ও চিঙ্গম এলাকায় ২জি থেকে ৫জি—কোনও ইন্টারনেট পরিষেবাই মিলছে না। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার প্রায় ছয় কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
গোয়েন্দাদের অনুমান, ছত্রু এলাকার নইদগাম, আরিগাম ও দ্বাথর অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিরাপত্তারক্ষীরা গ্রামে গ্রামে চিরুনিতল্লাশি চালাচ্ছেন।
উল্লেখযোগ্যভাবে, গত সপ্তাহেই কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়, যার সঙ্গে জইশ যোগের ইঙ্গিত মিলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিশ্তওয়ারে ফের জঙ্গি গতিবিধির খবর প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এদিকে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। পাশাপাশি, জঙ্গিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করে যোগাযোগ রাখছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

