স্ত্রীকে গলা কেটে হত্যা, আদালতেই

Published By: Khabar India Online | Published On:

আদালতে সবার সামনে স্ত্রীর গলা কেটে খুন করলেন স্বামী। শনিবার (১৩ আগস্ট) কর্ণাটকের একটি পরিবার আদালতে এই ঘটনাটি ঘটে।

রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, সংবাদ মাধ্যম এনডিটিভি।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী শিবকুমার ও ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক। সেই সময়ই এই ঘটনা ঘটে।

শুনানির পর আদালতের শৌচালয়ে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা কোপ বসান স্ত্রীর গলায়। চিত্রার আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। ওই যুবক নিজের শিশুর দিকেও এগিয়েছিল। কিন্তু সেখানে উপস্থিত লোকজনদের বাধায় সুরক্ষিত থাকে শিশুটি।

রক্তাক্ত অবস্থায় চিত্রাকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, চিত্রার উভয় ধমনী কেটে গিয়েছিল।

জানা গিয়েছে, বছর সাতেক আগে বিয়ে হয় ওই দম্পতির। শনিবার শুনানিতে আদালত পুরো পরিস্থিতি বিবেচনা করে তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেয়। ঘটনাস্থল থেকে শিবকুমারকে আটক করে পুলিশ।