হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল বাংলা সাহিত্যজগত—প্রয়াত সাহিত্যিক শংকর। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত লেখক মণিশংকর মুখোপাধ্যায়, যিনি পাঠকমহলে ‘শংকর’ নামেই পরিচিত ছিলেন।
গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। প্রায় দু’সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন প্রবীণ সাহিত্যিক। শুক্রবার দুপুর পৌনে ১টা নাগাদ হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে।
ডা. সুদীপ্ত মিত্র জানান, ৪ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে ডিসেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় তাঁর। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও পরবর্তীতে শারীরিক জটিলতা বাড়তে থাকে।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোর জেলায় জন্ম শংকরের। পরবর্তীতে পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন। হাওড়াতেই তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবন। ১৯৫৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই। ‘কত অজানারে’ উপন্যাসের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা পান।
তাঁর কালজয়ী সৃষ্টি ‘চৌরঙ্গী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার, যা তাঁকে আরও পরিচিত করে তোলে। এছাড়া ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাস দুটি চলচ্চিত্রে রূপ দেন সত্যজিৎ রায়। সাহিত্য, সমাজ ও সাধারণ মানুষের জীবনসংগ্রাম তাঁর লেখায় বিশেষভাবে উঠে এসেছে।
সাহিত্যিক শংকরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্র হারাল।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

