Curaçao World Cup 2026–এর ঠিক আগে এলো অবাক করা খবর। ইতিহাস গড়া কোচ হঠাৎই সরে দাঁড়ালেন দায়িত্ব থেকে।
ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও, মাত্র দেড় লাখ জনসংখ্যা। অথচ এই দেশই প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূলপর্বে। ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের যোগ্যতা অর্জন ছিল এক বিশাল ক্রীড়া বিস্ময়। আর সেই সাফল্যের নেপথ্যে ছিলেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট।
৭৮ বছর বয়সী এই কোচ বিশ্বকাপের আগেই পদত্যাগ করেছেন। মাঠের কোনো সমস্যা নয়, ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত। নিজের অসুস্থ কন্যার পাশে থাকতে তিনি কোচিং ছাড়ার সিদ্ধান্ত নেন। আবেগঘন বার্তায় অ্যাডভোকাট জানান, ফুটবলের আগে পরিবার—এই বিশ্বাস থেকেই তার এই পদক্ষেপ।
চার দশকের কোচিং ক্যারিয়ারে কুরাসাওকে বিশ্বকাপে তোলা তার জন্য ছিল সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন—এটি কেবল কুরাসাও নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও এক অনন্য অধ্যায়।
কুরাসাও ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গিলবার্ট মার্টিনা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তিনি বলেন, দেশের ফুটবলে অ্যাডভোকাটের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইতোমধ্যেই নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফ্রেড রুটেন। সাবেক ডাচ ডিফেন্ডার রুটেন এর আগে পিএসভি, ফেইনুর্দ ও শালকের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। তিনি জানিয়েছেন, অ্যাডভোকাটের কাজকে এগিয়ে নেওয়াই এখন তার প্রধান লক্ষ্য।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় একটি মিনি-টুর্নামেন্টে প্রথমবার কুরাসাও দলের দায়িত্ব নেবেন রুটেন। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ১৪ জুন চারবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কুরাসাও।
ইতিহাস ইতোমধ্যেই লেখা হয়ে গেছে। এখন দেখার, বিশ্বমঞ্চে কুরাসাও কতদূর যেতে পারে।

