হঠাৎ করেই বদলে গেল পুরো পরিকল্পনা—ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা Ali Khamenei farewell ceremony শেষ মুহূর্তে স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাত থেকেই তিন দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, তেহরানে অনুষ্ঠানের জন্য মঞ্চ, ব্যানার এবং অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। তবুও শেষ মুহূর্তে আয়োজকরা অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, আরও কিছু সময় প্রয়োজন যাতে অনুষ্ঠানটি বৃহৎ পরিসরে আয়োজন করা যায়।
বুধবার স্থানীয় সময় রাত ১০টায় তেহরানে যে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
সরকারি এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘লজিস্টিক’ বা ব্যবস্থাপনাগত জটিলতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজনের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে একটি গোপন বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই ঘটনার পর ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এদিকে ওই হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বহু বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় তেহরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে, যার আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইরান।

