Rajya Sabha Election 2026 ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেল। বিধানসভা ভোটের আবহে এবার আরও এক বড় ভোটের দামামা বাজল বাংলায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভা আসনে ভোট গ্রহণ হবে। শুধু বাংলা নয়, দেশের মোট ১০টি রাজ্যের ৩৭টি আসনে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে সেদিনই বিকেল ৫টায়।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি জারি হবে নির্বাচনের আনুষ্ঠানিক নোটিফিকেশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। ৬ মার্চ হবে স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। যদি কোনও আসনে একমাত্র প্রার্থী মনোনয়ন জমা দেন, তবে সেখানে ভোটের প্রয়োজন হবে না।
পশ্চিমবঙ্গে যাঁদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। এছাড়াও সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যর ছয় বছরের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। অন্যদিকে, মৌসম বেনজির নূর আগেই রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
বাংলা ছাড়াও মহারাষ্ট্রে ৭টি, ওড়িশায় ৪টি, তামিলনাড়ুতে ৬টি, অসমে ৩টি, বিহারে ৫টি, ছত্তিশগড়ে ২টি, হরিয়ানায় ২টি, হিমাচল প্রদেশে ১টি এবং তেলঙ্গানায় ২টি আসনে ভোট হবে।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা ভোটের আগে এই রাজ্যসভা নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এর ফলাফল আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

