পুতুলকে ‘মা’ ভেবে জড়িয়ে ধরা ভাইরাল বানর পাঞ্চ, উঠল নিষ্ঠুর ব্যবসার অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে ভাইরাল বানর পাঞ্চ। একটি ছোট্ট বানর, অন্য বানরদের আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে গিয়ে একটি পুতুলকে শক্ত করে জড়িয়ে ধরছে—এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জাপানের টোকিওর ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ধারণ করা ভিডিওটি অনেকের কাছে মায়াবী মনে হলেও, প্রাণী অধিকারকর্মীরা বলছেন—এর পেছনে রয়েছে এক গভীর বেদনার গল্প।

অধিকার সংগঠন People for the Ethical Treatment of Animals (PETA) জানিয়েছে, চিড়িয়াখানা কোনো নিরাপদ আশ্রয়স্থল নয়; বরং সেখানে প্রাণীদের স্বাধীনতা সীমিত থাকে। সংস্থাটির দাবি, ছোট বানরটির আচরণ আসলে তার একাকিত্ব ও মানসিক কষ্টের বহিঃপ্রকাশ।

পাঞ্চের জন্ম গত জুলাই মাসে। জন্মের পর তার মা তাকে ছেড়ে চলে যায়। সেই থেকে সে একাই বড় হচ্ছে। তার একমাত্র সঙ্গী একটি ওরাংওটাং আকৃতির পুতুল, যা তৈরি করেছে সুইডিশ কোম্পানি IKEA

ভিডিও ভাইরাল হওয়ার পর চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে পাঞ্চ যে পুতুলটি জড়িয়ে ধরেছিল, তার বিক্রিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

PETA-র এশিয়া অঞ্চলের পরিচালক জ্যাসন বেকার বলেন, অনেকেই বিষয়টিকে ‘কিউট’ হিসেবে দেখলেও বাস্তবে এটি একটি শোকার্ত প্রাণীর মানসিক যন্ত্রণা। তিনি দাবি করেন, যতদিন প্রাণীদের বিনোদনের বস্তু হিসেবে ব্যবহার করা হবে, ততদিন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

অবশ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাঞ্চ ধীরে ধীরে অন্যান্য বানরের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে এবং তার কাছ থেকে দর্শনার্থীদের কিছুটা দূরে রাখা হচ্ছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—একটি ভাইরাল ভিডিও কি শুধুই আবেগ, নাকি তার আড়ালে লুকিয়ে আছে ব্যবসার হিসাব?