রাজনৈতিক মহলে শোরগোল—উত্তরপ্রদেশে প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তিন দফায় সময়সীমা বাড়ানোর পর এসআইআর-পর্বের প্রথম ধাপ শেষে প্রকাশিত এই তালিকায় বাদ পড়েছে বিপুল সংখ্যক ভোটারের নাম।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে মোট ভোটার ছিল প্রায় ১৫ কোটি ৪৪ লক্ষ। কিন্তু নতুন করে এনুমারেশন ও যাচাই পর্ব শেষে খসড়া তালিকায় জায়গা পেয়েছে মাত্র ১২ কোটি ৫৫ লক্ষ ভোটার। অর্থাৎ, প্রায় ২ কোটি ৮৯ লক্ষ নাম বাদ গিয়েছে, যা মোট ভোটারের ১৮.৭ শতাংশ। এই সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বাদ পড়া ভোটারদের মধ্যে রয়েছেন ৪৬ লক্ষের বেশি মৃত ভোটার। এছাড়া, ডুপ্লিকেট ভোটার হিসেবে প্রায় ২৫ লক্ষ নাম এবং স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার হিসেবে প্রায় ২ কোটি ১৭ লক্ষ নাম খসড়া তালিকা থেকে সরানো হয়েছে।
এদিকে, খসড়া তালিকায় থাকা প্রায় ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি যাচাইয়ের জন্য শুনানিপর্বে হাজির হওয়ার নোটিস পাঠানো হচ্ছে। সব প্রক্রিয়া শেষে আগামী ৬ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় যেখানে প্রায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছিল, সেখানে উত্তরপ্রদেশের এই সংখ্যা অনেকটাই বেশি। রাজনৈতিক সূত্রের খবর, এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। এমনকি, নরেন্দ্র মোদী-র ঘনিষ্ঠ এক কেন্দ্রীয় মন্ত্রীর ভূমিকা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

