রঙ আর কল্পনার মেলবন্ধনে মুখর হয়ে উঠল পুষ্প প্রদর্শনীর মঞ্চ—দৃষ্টিনন্দন ফুলের মাঝেই যেন ফুটে উঠল শিশুদের শিল্পীসত্তা।
গত ৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী এবার ৪২তম বর্ষে পদার্পণ করেছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আকর্ষণ।
এই প্রদর্শনীরই অংশ হিসেবে এদিন অনুষ্ঠান মঞ্চে কচিকাঁচাদের জন্য আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার। প্রায় ২০০ জন শিশু প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা তুলে ধরে। রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে প্রকৃতি, ফুল ও কল্পনার নানা রূপ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মোট তিনটি বিভাগে এই আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশুর মধ্যেই ছিল প্রবল উৎসাহ ও আনন্দ। বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীর অন্তিম দিনে।
এই ধরনের আয়োজন শিশুদের শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পুষ্প প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে মত দর্শনার্থীদের।

