২০০ রানের লক্ষ্য দিলো যুক্তরাষ্ট্র — চেন্নাইয়ে ব্যাটিং ঝড়ে উড়লো নামিবিয়া।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্সে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছে যুক্তরাষ্ট্র। ফলে নামিবিয়ার সামনে দাঁড়িয়েছে কঠিন ২০০ রানের লক্ষ্য।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও শায়ান জাহাঙ্গীর। দুজন মিলে গড়ে তোলেন ৬৮ রানের জুটি, যা দলকে শক্ত ভিত এনে দেয়।
শায়ান ১৮ বলে ২২ রান করে ফিরলেও মোনাঙ্ক খেলেন ঝকঝকে ইনিংস। ৩০ বলে ৫২ রান করেন তিনি, ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। তবে আসল ঝড় তোলেন সঞ্জয় কৃষ্ণমুর্তি। মাত্র ৩৩ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংসে চারটি চার ও ছয়টি ছক্কা হাঁকান তিনি।
মিলিন্দ কুমার ২০ বলে ২৮ রান করে দলের রানসংখ্যা আরও এগিয়ে নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে যুক্তরাষ্ট্র।
এখন দেখার বিষয়, চেন্নাইয়ের উইকেটে এই বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারে কি না নামিবিয়া।

