বিশ্বকাপের মঞ্চে এবার একেবারে নতুন গল্প লিখতে চলেছে যুক্তরাষ্ট্র। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আমেরিকা, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার শেহান জয়াসুরিয়ার অন্তর্ভুক্তি।
৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ও অফস্পিনার এর আগে শ্রীলঙ্কার হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জার্সিতে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে তার।
এই স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন আরও এক নতুন মুখ। পেশাওয়ারে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী লেগস্পিন অলরাউন্ডার মোহাম্মদ মহসিন এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। বিশ্বকাপ দিয়েই তার আন্তর্জাতিক যাত্রা শুরু হতে পারে।
দলে রয়েছেন পুনেতে জন্ম নেওয়া ব্যাটার শুভাম রঞ্জন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের হয়ে চারটি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি। ভারতের হয়ে সাত টেস্ট খেলা মিডিয়াম পেসার বসন্ত রঞ্জনের নাতি তিনি।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সুপার এইটে তুলেছিলেন যে ১০ ক্রিকেটার, তাদের বেশিরভাগই স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। আন্দ্রেস গাওস ও সৌরভ নেত্রাভালকার ছিলেন সেই আসরে যথাক্রমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারি।
দলের নেতৃত্বে থাকছেন মোনাঙ্ক প্যাটেল। তবে বড় ধাক্কা হিসেবে দলে নেই তারকা ব্যাটার অ্যারন জোন্স। আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভাঙার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় তাকে রাখা হয়নি স্কোয়াডে।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের লড়াই সহজ নয়। পাকিস্তান, ভারত, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সঙ্গে একই গ্রুপে খেলবে তারা। ৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

