পশ্চিম এশিয়া অশান্ত, দমদম বিমানবন্দরে বড় ধাক্কা বিমান পরিষেবায়

Published By: Khabar India Online | Published On:

US Iran War পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ল দমদম বিমানবন্দরে।

আমেরিকা ও ইরানের সামরিক উত্তেজনার জেরে সোমবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিম এশিয়াগামী মোট ২০টি উড়ান বাতিল হয়েছে। পাঁচটি আন্তর্জাতিক বিমান সংস্থার পরিষেবা ব্যাহত হয়েছে এই পরিস্থিতিতে।

বাতিল উড়ানের তালিকায় রয়েছে এমিরেটসের ৮টি, কাতার এয়ারওয়েজ়ের ৪টি, ইতিহাদ এয়ারওয়েজ়ের ৪টি, এয়ার আরাবিয়ার ২টি এবং ফ্লাই দুবাইয়ের ২টি উড়ান। আসা ও যাওয়া—দুই দিকের পরিষেবাই বন্ধ থাকায় যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন।

দুবাই, দোহা ও আবু ধাবি আন্তর্জাতিক ট্রানজ়িট হাব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ ও আমেরিকায় যাতায়াতের ক্ষেত্রে ভারতীয়দের বড় অংশকেই এই রুট ব্যবহার করতে হয়। ফলে এই উড়ান বাতিলের প্রভাব শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নয়।

শুধু দমদম নয়, দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই বিমানবন্দরেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত তীব্র হওয়ার পর বিভিন্ন শহরে বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এর মধ্যেই ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার খবর ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। তেহরান সরকার অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থার ঘোষণা করেছে।

এই পরিস্থিতিতে বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে কেন্দ্রীয় স্তরে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ফিরে নিরাপত্তা বিষয়ক বৈঠকে যোগ দিয়েছেন।

অন্যদিকে, ভারতে আটকে থাকা বিদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিদেশ মন্ত্রক।

বর্তমান পরিস্থিতিতে বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।