বিশ্বকাপের উত্তেজনা যত বাড়ছে, ততই একের পর এক দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলি। সেই তালিকায় এবার যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা, যেখানে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটার মোহাম্মদ ওয়াসিমের কাঁধে।
এশিয়া ও পূর্ব এশিয়া–প্যাসিফিক কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বে জাপানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে ২০ দলের মূল পর্বে জায়গা করে নেয় আমিরাত। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার বিশ্বকাপের টিকিট পেয়েছে দলটি।
এটি আমিরাতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। এর আগে ২০১৪ ও ২০২২ সালের আসরে খেলেছিল তারা। এবারের আসরে দলটি ‘ডি’ গ্রুপে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কানাডা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল।
আগামী ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আমিরাত। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট।
ঘোষিত স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পারাশার, হায়দার আলী, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মায়াঙ্ক কুমার, মোহাম্মদ আরফান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লা, মোহাম্মদ জয়নব, রহিদ খান, শোয়েব খান ও সিমরানজিত সিং।
বিশ্বকাপের মঞ্চে এবার নিজেদের নতুনভাবে প্রমাণ করতে চায় আমিরাত—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

