হরমুজ সংকটে ট্রাম্পের কড়া বার্তা: “নিজেদের তেল নিজেরাই আনুন”

Published By: Khabar India Online | Published On:

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেই হঠাৎ কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট— আর সহায়তা নয়, নিজেদের পথ নিজেরাই খুঁজে নিন।

হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, যেসব দেশ এই পথ দিয়ে জ্বালানি আনতে পারছে না, তাদের নিজ দায়িত্বে তা সংগ্রহ করতে হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার পরামর্শও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের মতো যেসব দেশ হরমুজ দিয়ে জ্বালানি পাচ্ছে না এবং ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়নি, তাদের জন্য দুটি বিকল্প রয়েছে। প্রথমত, তারা যুক্তরাষ্ট্র থেকে জেট ফুয়েল কিনতে পারে। দ্বিতীয়ত, নিজেদের সাহস জোগাড় করে হরমুজে গিয়ে তেল সংগ্রহ করতে হবে।

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে নিজেদের জন্য লড়াই করার। যুক্তরাষ্ট্র আর সেখানে সহায়তা করতে থাকবে না।”

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। ফলে এটি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।