ইরান যুদ্ধের মাঝেই ট্রাম্পের মন্তব্য, গ্যাসের দাম বাড়লে বাড়ুক

Published By: Khabar India Online | Published On:

আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা। গ্যাসের দাম দ্রুত বাড়ছে— আর এই পরিস্থিতিতেই এক চমকপ্রদ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে জ্বালানি বাজারে। গত ছয় দিনে যুক্তরাষ্ট্রে জ্বালানি গ্যাসের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে, এবং বাজার বিশ্লেষকদের মতে সামনে আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।

তবে এই পরিস্থিতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ট্রাম্প। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্যাসের দাম বাড়লেও তা নিয়ে তিনি এখন ভাবছেন না।

তার কথায়, “এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ছে, কিন্তু যুদ্ধ শেষ হলে খুব দ্রুতই তা আবার কমে যাবে। তাই দাম বাড়লে বাড়ুক। ইরানে যুদ্ধ চলছে, আর সেটাই এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়।”

বর্তমানে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাটেক্সাস অঙ্গরাজ্যে বিশাল ভূগর্ভস্থ জরুরি তেলের মজুত রয়েছে। এই মজুতকে বিশ্বের সবচেয়ে বড় জরুরি তেলভান্ডার হিসেবে ধরা হয়। তবে ট্রাম্প জানিয়েছেন, আপাতত সেই মজুত ব্যবহার করার পরিকল্পনা নেই তার প্রশাসনের।

এদিকে তিনি মনে করছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলেই আন্তর্জাতিক জ্বালানি বাজার আবার স্থিতিশীল হয়ে উঠবে

ট্রাম্প আরও দাবি করেন, জ্বালানি বাজারে অস্থিরতার বড় কারণ হলো এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল কমে যাওয়া। তার মতে, পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যেতে পারে।

পটভূমিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যর্থ কূটনৈতিক আলোচনা। গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টানা আলোচনা চলে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে আলাদা অভিযান চালায়।

গত এক সপ্তাহ ধরে চলমান এই সংঘাতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।