গাড়ি নয়, রোবটেই ভবিষ্যৎ দেখছে টেসলা

Published By: Khabar India Online | Published On:

নীরবে কিন্তু বড় এক পরিবর্তনের পথে হাঁটছে টেসলা। বৈদ্যুতিক গাড়ির জন্য পরিচিত এই মার্কিন প্রতিষ্ঠান এবার ধীরে ধীরে গাড়ির দুনিয়া ছাড়িয়ে রোবট প্রযুক্তির দিকে পুরো মনোযোগ দিচ্ছে।

দীর্ঘ এক দশকের যাত্রার পর টেসলা তাদের জনপ্রিয় মডেল এস ও মডেল এক্স গাড়ির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, আগামী প্রান্তিক থেকেই এই দুটি মডেলের উৎপাদন কার্যত বন্ধ হয়ে যাবে।

২০২৫ অর্থবছরের আয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক কনফারেন্স কলে মাস্ক বলেন, মডেল এস ও এক্স সম্মানের সঙ্গেই বিদায় নিচ্ছে। ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বে টেসলার লক্ষ্য এখন স্বচালিত ব্যবস্থা ও মানবসদৃশ রোবট।

টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, স্টকে থাকা গাড়ি শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকেরা মডেল এস ও এক্স কিনতে পারবেন। পাশাপাশি এসব গাড়ির জন্য দীর্ঘমেয়াদি সাপোর্টও দেওয়া হবে। তবে একবার উৎপাদন বন্ধ হলে এই মডেলগুলো আর ফিরবে না।

এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট কারখানার উৎপাদন লাইন রূপান্তর করা হচ্ছে। সেখানে তৈরি হবে ‘অপটিমাস’ নামের মানবসদৃশ রোবট। টেসলার দীর্ঘমেয়াদি লক্ষ্য বছরে প্রায় ১০ লাখ অপটিমাস রোবট উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে ইলন মাস্ক জানান, ২০২৬ সালের শেষ নাগাদ অপটিমাস রোবট বাজারে আনার পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, ভবিষ্যতে এই রোবট স্মার্টফোনের চেয়েও বড় পণ্যে পরিণত হতে পারে, যদিও রোবটটির পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে কিছু সমালোচনাও দেখা গেছে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মডেল এস ও এক্সের বিক্রি কমে যাওয়াও এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। বর্তমানে টেসলার বিক্রির বড় অংশই আসে মডেল থ্রি ও মডেল ওয়াই থেকে। বিশ্লেষকদের মতে, গাড়ি থেকে সরে এসে রোবট ও এআই প্রযুক্তিতে বিনিয়োগ টেসলার ভবিষ্যৎ পরিচয়ই বদলে দিতে পারে।