তামিলনাড়ু রাজনীতিতে বড় আপডেট—Tamil Nadu SIR প্রক্রিয়া শেষ করে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। বিধানসভা নির্বাচনের আগে এই তালিকা ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
সোমবার চেন্নাইয়ে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক জানান, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর মোট ৯৭ লক্ষ ৩৭ হাজারের বেশি নাম বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তালিকায় রয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের নাম। এর আগে এই সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৪১ লক্ষ।
কমিশনের তথ্য অনুযায়ী, নতুন করে প্রায় ৭ লক্ষ ৪০ হাজার তরুণ ভোটারের নাম যুক্ত হয়েছে। এদের অধিকাংশের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। ফলে প্রথমবার ভোট দিতে চলেছেন বিপুল সংখ্যক তরুণ-তরুণী।
১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলে। এই সময়ের মধ্যেই সংশোধন, সংযোজন ও বিয়োজন প্রক্রিয়া সম্পন্ন হয়। কমিশন জানিয়েছে, মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম ৬, ৭ ও ৮ জমা দিয়ে নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের সুযোগ থাকবে।
উল্লেখ্য, দক্ষিণ ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যে খুব শীঘ্রই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গে তাল মিলিয়েই ভোটগ্রহণ হতে পারে বলে জানা যাচ্ছে।
নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা আপডেট একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই ভবিষ্যতেও প্রয়োজন অনুসারে সংশোধন চলবে।

