টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমির দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

Published By: Khabar India Online | Published On:

টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি শক্তিশালী বার্তা দিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেল প্রোটিয়ারা।

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তোলে ক্যারিবীয়রা। লক্ষ্যটা মোটেও ছোট ছিল না। তবে জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিল কেন তারা শিরোপা দৌড়ে অন্যতম ফেভারিট।

ওপেনিং জুটিতেই আসে ৯৫ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ২৪ বলে ২৭ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়নি।

এরপর অধিনায়ক এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন মিলে গড়েন অপরাজিত ৮২ রানের জুটি। মারক্রাম মাত্র ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থাকেন, ইনিংসজুড়ে ছিল সাতটি চার ও চারটি ছক্কা। রিকেলটন ২৮ বলে ৪৫ রান করে ম্যাচ শেষ করেন। ২৩ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

এর আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় চাপে পড়ে দল। সাই হোপ ৬ বলে ১৬ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শিমরন হেডমায়ারও ব্যর্থ হন।

তবে শেষদিকে জেসন হোল্ডার ও রোমিও শেফার্ড মিলে অষ্টম উইকেটে গড়েন ৮৯ রানের জুটি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। হোল্ডার ৩১ বলে ৪৯ রানে রান আউট হন, আর শেফার্ড ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি নেন ৩টি উইকেট। কাগিসো রাবাদা ও কোরবিন বোচ নেন দুটি করে উইকেট।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। এখন ভারতের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছে তারা। অনুকূল ফল এলে সেমিফাইনাল নিশ্চিত হবে প্রোটিয়াদের।