সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কারা খেলবে ফাইনাল? জানাল আইসিসি

Published By: Khabar India Online | Published On:

T20 World Cup 2026 semi final rain rule— শেষ মুহূর্তে এসে এই প্রশ্নটাই এখন ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। কলকাতা ও মুম্বাইয়ে হতে চলা দুই সেমিফাইনাল ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে ফাইনালে উঠবে কোন দল?

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন শেষ লগ্নে। প্রথম সেমিফাইনালে কলকাতায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ে, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই ম্যাচ নিয়েই উত্তেজনা তুঙ্গে।

কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। যদি বৃষ্টি ম্যাচে বাধা দেয়, তাহলে কী হবে?

আইসিসি এই পরিস্থিতির কথা মাথায় রেখে রেখেছে রিজার্ভ ডে। ম্যাচ নির্ধারিত দিনে শুরু হতে দেরি হলে অতিরিক্ত ৯০ মিনিট সময় রাখা হয়েছে। প্রয়োজনে পরের দিন আরও ১২০ মিনিট সময় পাওয়া যাবে, যাতে অন্তত ৫ ওভারের খেলা সম্পন্ন করা যায়।

তবুও যদি ম্যাচ সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়, তাহলে ফল নির্ধারণ হবে সুপার এইটের পয়েন্ট টেবিল অনুযায়ী। অর্থাৎ গ্রুপে শীর্ষে থাকা দল পাবে বাড়তি সুবিধা।

এই হিসেবে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড এগিয়ে থাকবে। ফলে ম্যাচ না হলে তারাই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে।

ভারত ও ইংল্যান্ডের লড়াই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০২২ সালে ইংল্যান্ড ভারতের স্বপ্নভঙ্গ করে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৪ সালে আবার ভারতই সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জেতে। গত দুই আসরেই এই সেমিফাইনালের বিজয়ী দল হয়েছে চ্যাম্পিয়ন।

সব মিলিয়ে বৃহস্পতিবারের ম্যাচ হয়ে উঠেছে কার্যত ফাইনালের আগের ফাইনাল। এখন নজর শুধু আবহাওয়ার দিকে।