Super Eight মঞ্চে এমন শুরুই যেন চেয়েছিল ইংল্যান্ড! মাত্র ১৪৬ রানের পুঁজি নিয়েও তারা যেভাবে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিল, তাতে টুর্নামেন্টে স্পষ্ট বার্তা দিয়ে দিল ইংলিশরা।
পাল্লেকেল্লেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার বোলাররা শুরুতে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণও করেন। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকে রাখা হয় ৯ উইকেটে ১৪৬ রানে।
ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল সল্ট খেলেন দায়িত্বশীল ইনিংস। ৬২ রানের ঝকঝকে ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তবে বাকি ব্যাটারদের কেউ বড় রান করতে পারেননি। উইল জ্যাকস ২১ রান যোগ করেন, স্যাম কারান করেন ১১।
শ্রীলঙ্কার হয়ে ভেল্লালাগে ছিলেন সবচেয়ে সফল বোলার, নেন ৩ উইকেট। থিকশানা ও মাদুশাঙ্কা নেন দুটি করে উইকেট।
কিন্তু রান তাড়া করতে নেমেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইংল্যান্ডের বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করেন। মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় লঙ্কানরা।
অধিনায়ক দাসুন শানাকা সর্বোচ্চ ৩০ রান করেন। কামিন্দু মেন্ডিস ১৩ এবং ভেল্লালাগে ও থিকশানা করেন ১০ করে। দলীয় সর্বোচ্চ জুটি ছিল মাত্র ১৮ রানের।
ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ নেন দুটি করে উইকেট। একটি শিকার জেমি ওভারটনের।
শেষ পর্যন্ত ৯৫ রানে অলআউট হয়ে ৫১ রানের বড় হার নিয়ে Super Eight শুরু করলো শ্রীলঙ্কা। আর ইংল্যান্ড পেল আত্মবিশ্বাসী সূচনা।

