টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই শ্রীলঙ্কা শিবিরে নেমে এল অস্বস্তির ছায়া। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগে ইনজুরিতে পড়েছেন লঙ্কান ডানহাতি পেসার এহসান মালিঙ্গা, যা দলটির পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আর মাঠে নামতে পারেননি মালিঙ্গা। এর আগেই টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির পর খেলা শুরু হলে প্রথম বল করতে এসে বিপত্তিতে পড়েন মালিঙ্গা। বল ছাড়ার মুহূর্তেই তার বাম কাঁধে তীব্র চোট লাগে। যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই তাকে মাঠ ছাড়তে হয়।
চোটের পর দ্রুত তাকে কলোম্বো পাঠানো হয়েছে। সেখানে তার কাঁধের এমআরআই স্ক্যান করার কথা রয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে জানা গেছে, তাকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায় মালিঙ্গার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক না হলে বিশ্বকাপে তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শ্রীলঙ্কাকে।

