এক ঝটকায় ইতিহাস বদলে দিল Spider-Man Brand New Day Trailer—মুক্তির পরেই তৈরি হলো নতুন বিশ্বরেকর্ড!
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহু প্রতীক্ষিত সিনেমা Spider-Man: Brand New Day–এর ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। মাত্র চার দিনের মধ্যেই ট্রেলারটি ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউ পার করে নজির গড়েছে, যা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় কয়েক দিনের মধ্যেই। এর আগে সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড ছিল Deadpool & Wolverine সিনেমার দখলে। তবে এবার সেই সব রেকর্ডকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এই নতুন স্পাইডার-ম্যান কিস্তি।
শুধু তাই নয়, মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ট্রেলারটি পেয়েছে প্রায় ৭১৮ মিলিয়ন ভিউ—যা নিজেই এক অবিশ্বাস্য সাফল্য। এর আগে Spider-Man: No Way Home–এর ট্রেলারও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু এবার সেই সীমাকেও ছাড়িয়ে গেছে নতুন এই সিনেমা।
ট্রেলারের কাহিনিতে দেখা যায়, পিটার পার্কার এক অচেনা বাস্তবতায় বসবাস করছে। জাদুকরী এক ঘটনার ফলে কেউ তাকে আর চেনে না। ফলে তাকে একাই লড়তে হচ্ছে জীবনের কঠিন চ্যালেঞ্জের সঙ্গে।
এদিকে এমজের সঙ্গে তার সম্পর্কেও এসেছে বড় পরিবর্তন। এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারকে আর মনে করতে পারে না। তবুও তাকে বিপদ থেকে দূরে রাখতে পিটার নিজের অনুভূতি লুকিয়ে রাখছে।
পুরো ট্রেলারজুড়ে একাকীত্ব, সংগ্রাম এবং চরিত্রের নতুন দিক ফুটে উঠেছে, যা দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছে সিনেমাটি নিয়ে।
সবকিছু ঠিক থাকলে, আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

